বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর আগামী ৫ আগস্ট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। ভারতের নয়াদিল্লিভিত্তিক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) সাউথ এশিয়ার উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না। তিনি অডিও সংযোগের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এ সময় তিনি বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও দর্শন তুলে ধরবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ড. ওয়ায়েল আউয়াদ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হলেও মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, গত ১৯ জানুয়ারি থেকে একাধিকবার বাংলাদেশ হাইকমিশনারকে এফসিসিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি। এফসিসি সাউথ এশিয়া সব রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। একই সঙ্গে শেখ হাসিনার এই বক্তব্য আয়োজনের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি বা বাধা দেওয়া হয়নি বলেও জানান তিনি।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভার্চুয়াল এই সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অনলাইনে অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনের প্যানেলে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।







