কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আগামী শনিবার থেকে ৯ মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত দ্বীপটিতে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। এরপর ৯ মাসের জন্য দ্বীপটি পর্যটকদের জন্য বন্ধ থাকবে।
সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়। তবে এবার ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী বলেন, ‘অতীতে এ ধরনের সংকট দ্বীপে দেখা যায়নি। পর্যটক আসা বন্ধ হলে দ্বীপের বাসিন্দারা নানামুখী সংকটে পড়বেন। এখানে শত শত মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।’
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, ‘৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল করতে পারবে। এরপর পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ১৭ বর্গকিলোমিটার আয়তনের সেন্টমার্টিন দ্বীপে ১০ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। পর্যটন শিল্প এ দ্বীপের অর্থনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে। তাই পর্যটক যাতায়াত বন্ধের সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।







